প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংরক্ষিত বনভূমির উদ্ধারকৃত জায়গায় রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা রাতের আঁধারে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এসব চারাগাছ পার্শ্ববর্তী টাঙ্গন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বাঁশগাড়া গ্রামের সাগুনী শালবন এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানালেন, বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমি উদ্ধার করে বনায়নের লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। কিন্তু শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা সদ্য রোপণ করা প্রায় ১০ হাজার চারাগাছ উপড়ে ফেলে।
আজ রবিবার সকালে সাগুনী শালবনের ফরেস্ট গার্ড আব্দুস সামাদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বন কর্মকর্তা মহসিন আলী দাবি করেন, উচ্ছেদ হওয়া অবৈধ দখলদারদের লোকজনই আক্রোশবশত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদের এমন ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি স্পষ্ট করেন।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানালেন, বনবিভাগের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।