প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:৩০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন থেকেই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসের মধ্যেই জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে ভালো হয়। তাঁর মতে, কিছু কাজ অসম্পূর্ণ থাকলেও জাদুঘর চালু রেখে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ অব্যাহত রাখা সম্ভব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাদুঘরটির উদ্বোধন করলে এবং আমন্ত্রণ জানালে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে, একই দিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
জ/উ