ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপের আহ্বান নুরুল হকের
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:২৩ এএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে কোনো স্বৈরশাসন বা দমনমূলক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্টের ৩৬ দিনের গণঅভ্যুত্থান নয়, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে তাদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আলোচনায় অংশ নিয়ে মো. নুরুল হক দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, আইনশৃঙ্খলা এবং অতীতের বিভিন্ন ঘটনার বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিশোধের পরিবর্তে সংসদীয় গণতন্ত্র ও রাজনৈতিক বিতর্কের মাধ্যমে দেশ পরিচালনায় বিশ্বাসী।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft