পাটগ্রামে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। রোববার (১২ জুলাই) উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ধরলা নদীর ওই অংশে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।