প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৫২ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (১৩ জুলাই) আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা ইউনিট বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদের কাছে আকাশসীমায় একটি 'লুকাস' শত্রু ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে প্রতিহত করে গুলি করে ভূপাতিত করা হয়।
ইরানি সেনাবাহিনীর দাবি, শত্রুপক্ষের হামলা প্রতিহত এবং দেশের আকাশসীমা নিরাপদ রাখতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
তবে ড্রোনটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, কী ধরনের মিশনে ছিল বা ভূপাতিত হওয়ার পর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না, এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইরানের বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশের বিভিন্ন স্থাপনা। এছাড়া তেহরান ও মাশহাদকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
এর জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান।
একইসঙ্গে, পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগও তোলে ইরান। তাদের দাবি, ওই সমঝোতার শর্ত ভেঙেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করেছে।
তবে বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিতের দাবি কিংবা ইরানের পাল্টা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
জ/উ