প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:১৮ এএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সংসদ প্রাঙ্গণের নির্ধারিত কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে স্বল্প সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
জ/উ