প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:০১ পিএম

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক ও তার এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এসএসসি-২০২৬ পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগ ওঠে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ঘটনাটি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু মূল্যায়ন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
জ/উ