প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। আপিল বিভাগ বেলা ১১টা ও হাইকোর্ট বিভাগ দুপুর ১টা পর্যন্ত চলবে। রোববার (১২ জুলাই) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন।
এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জমির উদ্দিন সরকার। তার মৃত্যুর খবরের পরই সুপ্রিম কোর্ট থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
জমির উদ্দিন সরকার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
আইনজীবী হিসেবেও তার দীর্ঘ কর্মজীবন ছিল। ১৯৬০ সালের ২৭ মে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে সনদ নিয়ে আইন পেশায় যোগ দেন। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে অভিজ্ঞ আইনজীবী হিসেবে কাজ করেন।
২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
জ/উ