গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইইউ কমিশন প্রেসিডেন্টের
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনেরও আহ্বান জানানো হয়েছে তাকে।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। সফরের সময় দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটাল রূপান্তর, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।

এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পাঠানো একটি অভিনন্দনপত্রও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), উচ্চপর্যায়ের সফর, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft