সার্ক সংকটে রাজনৈতিক আস্থাহীনতা বড় বাধা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রাজনৈতিক আস্থার ঘাটতি, দ্বিপাক্ষিক উত্তেজনা ও অমীমাংসিত বিরোধের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সার্কের শীর্ষ সম্মেলন প্রক্রিয়া স্থবির হয়ে আছে এবং প্রত্যাশিত মাত্রায় আঞ্চলিক সংহতি গড়ে ওঠেনি।

সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ককে পুনরুজ্জীবিত করার পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সার্ক প্রতিষ্ঠার মূল দর্শন ছিল দক্ষিণ এশিয়ার জনগণের অভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে একটি সাধারণ প্ল্যাটফর্মে নিয়ে আসা। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সেই প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং এর জন্মস্থান হিসেবে বাংলাদেশকে আত্মসমালোচনার জায়গা থেকেও ভাবতে হবে-সংস্থাটির আদর্শ ও কার্যকারিতা ধরে রাখতে আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছি কি না।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত চার দশক, বিশেষ করে গত ১৭ বছরে সদস্য রাষ্ট্রগুলো যদি ধারাবাহিক রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে সার্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করত, তবে দক্ষিণ এশিয়া আজ অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু সেই সম্ভাবনার বড় অংশই হারানো সুযোগে পরিণত হয়েছে।

তবে তিনি মনে করেন, রাজনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সার্ক এখনো প্রাতিষ্ঠানিকভাবে প্রাসঙ্গিক। সংস্থাটির সনদ, সচিবালয়, বিশেষায়িত প্রতিষ্ঠান, আঞ্চলিক কাঠামো ও প্রযুক্তিগত নেটওয়ার্ক এখনো কার্যকর রয়েছে এবং এগুলোকে কাজে লাগানোর সুযোগ আছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজের ভিজিটিং রিসার্চ ফেলো রাষ্ট্রদূত তারিক এ করিম।

আলোচনা পর্বে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, সাবেক রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমকর্মী এবং নীতিনির্ধারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft