প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকতে হবে। পাশাপাশি নরমাল ডেলিভারি সেবা জোরদারে মিডওয়াইফ নিয়োগ বাধ্যতামূলক করার কথাও জানান তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।
তিনি বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্যসেবায় পেশাগত নৈতিকতা বজায় রেখে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কিছু ক্ষেত্রে রোগীর পরিবারকে বিভিন্ন জটিলতার আশঙ্কা দেখিয়ে অপ্রয়োজনীয় সিজারিয়ান করানোর অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি জানান, উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম জোরদার করা হয়েছে এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিতের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে জনবল বাড়াতে চলতি বছর নতুন নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাতৃস্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ