প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৫০ পিএম

ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে পারে-তাও প্রায় ৩৬ বছর পর। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে এই দুই দলের দেখা হয়েছিল।
এরপর দীর্ঘ তিন যুগ পেরিয়ে গেলেও বিশ্বকাপে আর ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়নি। তবে চলমান বিশ্বকাপে সমীকরণ মিলে গেলে সেমিফাইনালে আবারও হতে পারে এই দুই লাতিন পরাশক্তির হাইভোল্টেজ লড়াই।
আর্জেন্টিনা গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। শেষ ম্যাচে তারা জর্ডানের বিপক্ষে খেলবে। ফলাফল অনুকূলে থাকলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাবে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ, যেখানে এগিয়ে আছে উরুগুয়ে।
অন্যদিকে ব্রাজিল শুরুটা কিছুটা ধীরগতিতে করলেও পরের ম্যাচে হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে ওঠে। এরপর স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। পরবর্তী রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।
তাই দুই দলই যদি পরবর্তী নকআউট রাউন্ডগুলো পার করে সেমিফাইনালে পৌঁছাতে পারে, তাহলে প্রায় ৩৬ বছর পর বিশ্বকাপে আবারও দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ।
বিশ্বকাপে (মূল পর্ব) এই দুই দলের সর্বশেষ মুখোমুখি হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন, ইতালির তুরিনে অনুষ্ঠিত ‘রাউন্ড অব সিক্সটিন’ ম্যাচে। সেবার আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল।
ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ অ্যাসিস্ট থেকে ক্লদিও ক্যানিজিয়া গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন। বিশ্বকাপে নকআউট পর্বে এটিই দুই দলের একমাত্র সাক্ষাৎ।
ফলে সম্ভাব্য সেমিফাইনাল মুখোমুখি লড়াই হলে সেটি শুধু ফাইনালের টিকিট নয়, বরং ফুটবল ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে।
জ/উ