প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৫১ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মোঃ খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ ৯০৫/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে সীমান্তবর্তী এলাকায় কয়েকজন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
এ সময় খাদেমুল মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিএসএফের ছররা গুলিতেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে।
নিহতের প্রতিবেশী লিটন বলেন, খাদেমুল খুবই শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তবে সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে নিহতের মা লাইলী বেগম দাবি করেন, তার ছেলে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ গুলি করে হত্যা করেছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজিবির পক্ষ থেকে এখনো বিএসএফের সঙ্গে কোনো পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়নি।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের শরীরের আঘাতের ধরন পর্যালোচনা করে একাধিক সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী ইমাম জানান, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
জ/দি