প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৬ পিএম

গুরুদাসপুর উপজেলায় ধর্ম ছেলে নিয়ে সংঘবদ্ধ হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৭) ও তার ছেলে নাইবুল হোসেন (২৬)।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, সাইফুল ইসলামের মাথায় ৫টি এবং নাইবুল হোসেনের মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম শিকারপুর নুহুর মোড় এলাকার জাহাঙ্গীরের ছেলে সজিবকে ‘ধর্ম ছেলে’ হিসেবে দেখাশোনা করতেন। ধর্ম ছেলে সজিবের নিয়মিত যাতায়াত ছিল সাইফুল ইসলামের বাড়িতে। একপর্যায়ে সাইফুল ইসলামের প্রতিবেশী মোহাম্মদ আলীর মেয়ের সঙ্গে সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একই ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে সাইফুল ইসলাম তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে পৌঁছালে পাটখেতে ওত পেতে থাকা ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে হাসুয়া, হাতুড়ি, চাপাতি ও লাঠি ছিল বলে অভিযোগ উঠেছে। হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একই গ্রামের ইমদাদুল, ইসাহাক, জামাল, জাহিদ, বানী, বিরু ও মোহাম্মদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জ/দি