প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ এএম

প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া এই বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটটির মেরামত কাজ সম্পন্ন করে আবার চালু করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, বয়লার পাইপ মেরামত করে বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে চালু করা হয়। বর্তমানে ওই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আবু বক্কর সিদ্দিক জানান, ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যাওয়ায় বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালুর জন্য দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি চালু করা হয়।
তিনি জানান, বন্ধ থাকা ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটটি কবে চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ। গত বছরের ৩০ ডিসেম্বর ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে ১৫ দিন পর উৎপাদনে আসে ১৪ জানুয়ারি। বেশ কয়েক মাস ঢিমেতালে চলার পর গত ২২ এপ্রিল রাত ১০টা ১০ মিনিটে আবার ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
উল্লেখ্য, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার ওপর ভিত্তি করে খনির পাশেই ২০০৬ সালে গড়ে উঠে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রথম অবস্থায় ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়। এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিট চালু করে এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় কখনই এই বিদ্যুৎকেন্দ্রটি একসঙ্গে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।
জ/উ