প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:৪০ এএম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘ভোটের কালি এখনো মুছে যায়নি। এরই মধ্যে বিএনপি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে। শুক্রবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামবাসীর আয়োজনে হোগলাকান্দি মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারী স্বাস্থ্য, যুবকের কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচিত সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে একযোগে ৪০ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে।
তিনি বলেন, সরকার গঠনের এক মাসের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও যাজকদের সামাজিক নিরাপত্তা জোরদারের জন্য প্রতিমাসে ১০ হাজার টাকা সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে ৪ হাজার ৮০৯টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মোট ১০ হাজার টাকা এবং মন্দির, প্যাগোডা ও গির্জার জন্য আট হাজার টাকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী ৫০ জেলায় থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন।
সেলিমুজ্জামান আরও বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় কোনো সরকারপ্রধানই নির্বাচনের দেওয়া প্রতিশ্রুতি এত অল্প সময়ে বাস্তবায়ন করতে পারেনি। এ দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকারের উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উদ্যোক্তা গিয়াস উদ্দিন গালিবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
জ/দি