প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে পাশাপাশি স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবেন। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন থেকে তারেক রহমান যাবেন ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবনে। শ্বশুরের বাসা থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও তার বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। দীর্ঘ ১৯ বছর পর গতকাল তিনি বাবার কবরের পাশে দাঁড়িয়েছেন। কবর জিয়ারত শেষে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধ জানাতে।
জ/উ