প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ২৮ ডিসেম্বর শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী।
সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহর জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।