প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ১২.১২.২০২৫ ৪:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
আজ শুক্রবার তিনি নিজের ফেসবুক আউডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
নাছির বলেন, তফসিল ঘোষণার ঠিক পরের দিনই স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। এটি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে করা ষড়যন্ত্র।
তিনি আরও দাবি করেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে প্রার্থী এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হতে হবে।
নাছির শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে শুক্রবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গেছেন।