প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি। কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, বিপুলসংখ্যক কর্মী বা প্রচলিত নির্বাচনী ব্যবস্থার মতো অর্থ—এসব আমার নেই। আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। অসংখ্য প্রাণের বিনিময়ে যে দেশ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।
এর আগে, বুধবার ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।