প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ২৩.১১.২০২৫ ৩:৩৮ পিএম

একটা সময় অভিনয় নিয়ে বেশ ব্যস্ত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে বিয়ের পর নায়িকা নিজেও জড়িয়ে পড়েন রাজনীতিতে। সেসময় জানিয়েছিলেন, সিনেমাকে বিদায় জানাবেন তিনি। কিন্তু এর মধ্যেই ছন্দপতন ঘটে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটে। পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে অনেক নেতাকর্মীও আশ্রয় নেন পাশের দেশ ভারতে।
এদিকে, চলতি বছর হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহিয়া মাহি। ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। উঠেছেন চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। অবসর কাটানো পাশাপাশি সেখানকার স্টেজ শোতে অংশ নিচ্ছেন মাহি। আর তার সবশেষ খবর জানা যায় নায়িকার ফেসবুকের সুবাদে।
গতকাল শনিবার মাহি ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে কান্নার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার রুহটা ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।’
খোঁজ নিয়ে জানা যায়, মাহির একমাত্র ছেলে ফারিশ তার বাবার সঙ্গে ভারতে অবস্থান করছেন। ছয় মাস ধরে ছেলের কাছ থেকে দূরে মাহি। মা-ছেলের যোগাযোগের একমাত্র মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোঝলমলে নগরীতে থেকেও নায়িকার কাছে মনে হয় তার সবকিছু ফাঁকা। কারণ, তার ‘রুহ’ আছে ভারতে। পোস্টে ছোট্ট ছেলে ফারিশকে নিজের রুহ বলে সম্বোধন করেছেন মাহি।
মাহি বলেন, ‘ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়। জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে। কিন্তু ভিডিও কলে কি আর তা সম্ভব! মনটা চায়, দৌড়ে গিয়ে ছেলেটাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরি।’
এর মধ্যেই খবর, সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি। অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়। সিনেমাটির নাম ‘অন্তর্যামী’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় এটি নির্মাণ করবেন সৈকত নাসির।
জ/দি