জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২২ নভেম্বর) স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামসহ আরও অনেকে। 

আরও পড়ুন : ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে: রাজউক চেয়ারম্যান

পরবর্তীতে, ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। এর আগে, তোবগের আগমনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

এদিন বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। পরে বিকেল ৩টার দিকে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় এসেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

উল্লেখ্য, তোবগে এবং তার সফরসঙ্গীদের বহনকারী ড্রুকএয়ারের একটি ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   রাষ্ট্রীয় সফর   ভুটান   প্রধানমন্ত্রী   স্মৃতিসৌধ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft