বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আমাদের তীর্থযাত্রার যাত্রা শুরু হয়। এই কর্মসূচির আওতায় “টুকটুকে তীর্থ ভবন” প্রকল্পে আমাদের অন্তর্ভুক্ত করা হয়। মোট ৬০ জন যাত্রীকে দুইটি ব্যাচে বিভক্ত করা হয়; প্রত্যেক ব্যাচে ৩০ জন করে। আমাদের ব্যাচ ছিল দ্বিতীয়, যেখানে আমাদের নেতৃত্ব দিয়েছেন সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব। তাঁর সহকারী হিসেবে সঙ্গে ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
একজন যাত্রী অসুস্থতার কারণে যাত্রা করতে পারেননি, ফলে আমরা ২৯ জন তীর্থযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করি। বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে আমরা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে আকাশে উড্ডয়ন করি। প্রায় এক ঘণ্টা দশ মিনিটের আকাশযাত্রা শেষে আমরা পৌঁছে যাই নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমান থেকে নেমে প্রথমেই চোখে পড়ে চারদিকের অপরূপ পাহাড়ঘেরা দৃশ্যপট, যা মুগ্ধতা ছড়িয়ে দেয় আমাদের মনোজগতে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা এগিয়ে যাই রিসিপশন এলাকায়, যেখানে আমাদের অভ্যর্থনা জানান স্থানীয় ট্যুর গাইডরা। নেপালের ঐতিহ্যবাহী রীতিতে ফুলমাল্য ও আন্তরিকতার সঙ্গে তাঁরা আমাদের বরণ করে নেন।
সেখান থেকে নির্ধারিত ট্যুরিস্ট বাসে করে আমরা পৌঁছাই কাঠমুণ্ডু শহরের একটি মনোরম হোটেলে। হোটেলে পা রাখার সঙ্গে সঙ্গে পরিবেশনে আসে স্বাগত পানীয়। পরে আমাদের হাতে তুলে দেওয়া হয় রুমের চাবি। সবাই নিজ নিজ কক্ষে লাগেজ রেখে একটু বিশ্রাম নিয়ে বুফে ডিনারের জন্য হোটেল ডাইনিং হলে একত্রিত হই।
রাতের ডিনার শেষে আমাদের টিম লিডার সাত দিনের পূর্ণাঙ্গ ভ্রমণসূচি ধাপে ধাপে আমাদের সামনে তুলে ধরেন। পরদিন ভোরেই আমাদের তীর্থযাত্রার সূচনা হবে—এই আনন্দ ও উৎসাহ নিয়ে আমরা পরবর্তী দিনের অপেক্ষায় রাত কাটাই।
নেপালের রাজধানী কাঠমুন্ডু শুধু দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র নয়, এটি নেপালের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের এক অনন্য উদাহরণ। হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই শহরটির প্রতিটি অলিগলি যেন নান্দনিকতা ও প্রাচীনত্বের নিদর্শন। শহরে প্রবেশ করলেই চোখে পড়ে পরিচ্ছন্ন রাস্তা, পরিপাটি দোকানপাট, মানুষের মুখে হাসি এবং সর্বত্র শৃঙ্খলা।
প্রথম দর্শনে মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো উপজেলা শহরের মতো, কিন্তু যতই ঘোরাঘুরি করি, বুঝতে পারি এখানে মানুষের সামাজিক রুচি, পরিবেশ সচেতনতা এবং সংস্কৃতিচর্চা অনেক গভীরে প্রোথিত। অধিকাংশ দোকান, ছোট ছোট হোটেল এবং বাজার নারীদের দ্বারা পরিচালিত, যা সমাজে নারীর সক্রিয়তা ও মর্যাদার পরিচায়ক।
কাঠমান্ডুর অন্যতম দর্শনীয় স্থান পশুপতিনাথ মন্দির, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে নেপালের পবিত্রতম তীর্থস্থান হিসেবে সমাদৃত। এটি কাঠমান্ডু শহরের পূর্ব প্রান্তে বাগমতি নদীর তীরে অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবতা শিবের পশুপতি রূপে উৎসর্গীকৃত।
ধারণা করা হয়, খ্রিস্টীয় ৫ম শতাব্দী থেকেই এখানে ধর্মীয় ভিত্তি গড়ে ওঠে, যদিও প্রাচীনতম মন্দিরের ইতিহাস ৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রসারিত। প্রাথমিকভাবে কাঠ দিয়ে নির্মিত মন্দিরটি উইপোকার আক্রমণে ধ্বংস হয়ে গেলে ১৫শ শতকে বর্তমান পাথর ও ধাতব কাঠামো গড়ে তোলা হয়।
বর্তমান কমপ্লেক্সের কেন্দ্রবিন্দু হল সোনালী ছাদের দ্বি-তল প্যাগোডা, যার চারপাশে প্রায় ৫০০টিরও বেশি ছোট-বড় মন্দির, মঠ ও শ্মশান স্থান বিস্তৃত রয়েছে। বাগমতি নদীর তীরে তৈরি অলঙ্কৃত ঘাটগুলোতে এসে সহজেই প্রবেশ করা যায়। এই ঘাটগুলো হিন্দুদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অনেক ভক্ত জীবনের শেষ ইচ্ছা হিসেবে এখানে দাহ হওয়ার মাধ্যমে পবিত্র বাগমতীতে মিলিত হতে চান।
প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে বসন্তের সূচনায় পালিত মহা শিবরাত্রি উৎসবে মন্দির প্রাঙ্গণ সবচেয়ে জমজমাট হয়ে ওঠে। দেশ-বিদেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী ও সাধু-সন্ন্যাসী এখানে সমবেত হন। তবে সারা বছর ধরেই পশুপতিনাথ মন্দির পর্যটক ও ভক্তদের ভিড়ে সরগরম থাকে।
যদিও মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশাধিকার শুধুমাত্র হিন্দুদের জন্য সীমাবদ্ধ, এর বাকি অংশ সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত। মন্দির প্রাঙ্গণে মানুষের পাশাপাশি হরিণ, ছাগল ও বানরের উপস্থিতিও চোখে পড়ে। এর সাংস্কৃতিক, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে পশুপতিনাথ মন্দিরকে ১৯৭৯ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ভক্তপুর দরবার স্কোয়ার কাঠমান্ডু উপত্যকার অন্যতম ঐতিহাসিক ও শৈল্পিক নিদর্শন, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। কাঠমান্ডু শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এই প্রাচীন রাজপ্রাসাদ কমপ্লেক্সটি ছিল মল্ল রাজাদের শাসনকেন্দ্র। ১৪শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে এটি রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে বিকশিত হয়। ভক্তপুর শব্দের অর্থ “ভক্তদের শহর”, যা আজও তার মধ্যযুগীয় সৌন্দর্য, কারুশিল্প ও ঐতিহ্যবাহী জীবনধারা ধরে রেখেছে।
এই স্কোয়ারটিকে বলা হয় একটি জীবন্ত জাদুঘর, যেখানে প্রাসাদ, মন্দির, উঠোন ও ভাস্কর্য মিলে নেপালের অতীত ইতিহাসের সমৃদ্ধ ধারাকে তুলে ধরে। এখানকার প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে ৫৫-উইন্ডো প্যালেস, নয়াতাপোলা মন্দির, বৎসল মন্দির এবং বিখ্যাত গোল্ডেন গেট। পাঁচতলা নয়াতাপোলা মন্দিরকে নেপালের সর্বোচ্চ প্যাগোডা ধাঁচের স্থাপত্য হিসেবে গণ্য করা হয়। এছাড়া কাঠের সূক্ষ খোদাই ও ইটের নকশা এখানকার বিশেষ বৈশিষ্ট্য।
ভক্তপুর দরবার স্কোয়ারের পরিবেশ ভ্রমণকারীদের মুগ্ধ করে। বসন্ত ও শরৎকাল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, যখন আকাশ পরিষ্কার ও আবহাওয়া মনোরম থাকে। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে এবং সার্ক দেশগুলির নাগরিকদের জন্য প্রবেশমূল্য ৫০০ টাকা।
২০১৫ সালের ভূমিকম্পে এর কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের মাধ্যমে এর ঐতিহাসিক সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে। ভক্তপুর শুধু প্রাচীন স্থাপত্য নয়, এখানকার কুমারী পূজা এবং নেওয়ারি সংস্কৃতিও ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। মধ্যযুগীয় স্থাপত্যশৈলীতে নির্মিত প্রাসাদ, মন্দির ও চত্বরগুলো এখনও জীবন্ত ইতিহাসের মতো দাঁড়িয়ে আছে। কাঠ ও ইটের অসাধারণ খোদাই করা কাঠামো চোখে পড়ার মতো। এখানেই দেখা মেলে কুমারী দেবীর, যিনি জীবন্ত দেবী হিসেবে পূজিত হন।
শপিংয়ের জন্য কাঠমুন্ডুর নিউ রোড ও অসম মার্কেট খুব জনপ্রিয়। এখানে নানা ধরণের পোশাক, নেপালি ঐতিহ্যবাহী পণ্য, মূর্তি, গহনা, হাতে তৈরি কারুশিল্প পাওয়া যায়। তবে এখানকার বিশেষ দিক হলো – দামাদামি খুব একটা চলে না। অধিকাংশ দোকানে নির্ধারিত দামেই পণ্য বিক্রি হয়।
ধর্মীয় সহনশীলতা এখানে চোখে পড়ার মতো। একই এলাকায় হিন্দু মন্দির, বৌদ্ধ স্তূপ এবং খ্রিস্টান গির্জা পাশাপাশি অবস্থান করছে। মানুষ ধর্মের চেয়ে মানবতাকে বড় করে দেখে। কেউ ময়লা রাস্তায় ফেলে না, প্রতিটি দোকানে থাকে ডাস্টবিন, অনেক বাড়ির ছাদে সোলার প্যানেলও দেখা যায়। সামগ্রিকভাবে কাঠমুন্ডু শহর একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল নগরী। এখানে আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণ দেখে মুগ্ধ হতে হয়।
কাঠমুন্ডু থেকে পোখরা যাওয়ার পথটি এক অভাবনীয় অভিজ্ঞতা। এই পথে চলতে চলতে চোখে পড়ে অসংখ্য পাহাড়, যেগুলোর একটির চূড়া থেকে আরেকটিতে পৌঁছাতে কখনো মেঘের নিচে, কখনো উপরে, কখনো বৃষ্টির ভেতর দিয়ে গাড়ি চলে। পথিমধ্যে ছোট ছোট গ্রাম, ভুট্টা চাষের মাঠ, এবং পরিশ্রমী মানুষদের জীবনধারা আমাদের মুগ্ধ করে।
পোখরা পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল ‘ফেওয়া লেক’। এই লেক শহরের মাঝখানে অবস্থান করে শহরকে একটি অপূর্ব সৌন্দর্য দেয়। প্রশান্ত জলের উপর নৌকাভ্রমণ এক অনন্য অনুভ‚তি। দূরে হিমালয়ের চূড়া প্রতিফলিত হয় জলে—যা এক মনোমুগ্ধকর দৃশ্য। লেকের পাড়ে রয়েছে রেস্টুরেন্ট, কফি শপ, আর হস্তশিল্পের দোকান।
এরপর আমরা গিয়েছিলাম ‘ডেভিস ফল’-এ। এটি একটি প্রাকৃতিক ঝর্ণা, যার নিচে রয়েছে গভীর গুহা। ঝর্ণার শব্দ এবং জলের ধারা মনে এক তীব্র প্রশান্তি আনে। অনতিদূরে ‘গুপ্তেশ্বর গুহা’ অবস্থিত, যা অত্যন্ত রহস্যময় এবং প্রাচীন। গুহার ভিতরে প্রবেশ করে দেখা যায় শিবলিঙ্গ এবং প্রাকৃতিক পাথরের গঠন।
পোখরার অন্যতম দর্শনীয় স্থান ‘পুমদিকোট মহাদেব মন্দির’। এটি একটি উঁচু পাহাড়ের ওপর নির্মিত, যেখান থেকে পুরো পোখরা শহর এবং হিমালয়ের দৃশ্য একসাথে দেখা যায়। এখানে রয়েছে একটি বিশাল শিবমূর্তি এবং সুশৃঙ্খল গার্ডেন। এটি ধর্মীয় ও পর্যটন উভয় দিক থেকেই সমৃদ্ধ।
পোখরা শহরের আশেপাশের অঞ্চলগুলোতে পাহাড়ি মানুষদের জীবনযাত্রা অত্যন্ত সরল ও পরিশ্রমনির্ভর। তারা ঝুম চাষের মাধ্যমে ধান উৎপাদন করে, এবং অল্প জায়গাতেই দোতলা সুন্দর বাড়ি তৈরি করেছে। রাস্তার পাশে পাশে দেখা যায় পেট্রোল পাম গাছ, যা অঞ্চলের বিশেষত্ব। নারীরাও এখানে বিভিন্ন হোটেল ও দোকানে সক্রিয়ভাবে কাজ করছে।
পোখরা সত্যিই একটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যের শহর। এখানে পাহাড়, নদী, গুহা এবং ধর্মীয় স্থানের অপূর্ব মেলবন্ধন ভ্রমণপিপাসু যেকোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।
পোখরা ভ্রমণের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে বিখ্যাত ‘মনোকামনা মন্দির’। এই মন্দিরটি নেপালের অন্যতম পবিত্র স্থান, যেখানে বিশ্বাস করা হয় যে, এখানে মন থেকে প্রার্থনা করলে তা পূর্ণ হয়। মনোকামনা দেবীর নাম থেকেই এই নামকরণ। প্রতিবছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে আসেন তাদের প্রার্থনা জানাতে।
এই মন্দিরে পৌঁছানোর সবচেয়ে আকর্ষণীয় উপায় হলো রূপওয়ে বা কেবল কার। এটি নেপালের প্রথম ও অন্যতম দীর্ঘ কেবল কার ব্যবস্থা, যা নদী, গিরিখাত এবং ঘন বনাঞ্চল পার হয়ে এক পাহাড়ের শীর্ষে অবস্থিত মন্দিরে পৌঁছে দেয়। কেব্ল কারে চড়ে যাওয়ার সময় নিচে দেখা যায় নদী, ঝরনা, পাহাড়ি গ্রাম এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য। যাত্রাপথটি রোমাঞ্চকর হলেও পুরোপুরি নিরাপদ ও আরামদায়ক।
মন্দির এলাকায় পৌঁছে প্রথমেই চোখে পড়ে মনোকামনা দেবীর বিশাল মূর্তি এবং শৃঙ্খলাপূর্ণ দর্শনার্থী লাইন। পাহাড়ের উপরে অবস্থিত হলেও এখানে রয়েছে যথাযথ নিরাপত্তা, বিশ্রামাগার এবং পূজা সামগ্রীর দোকান। পরিবেশ অত্যন্ত পরিপাটি এবং পরিচ্ছন্ন। মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা যেমন প্রার্থনা করেন, তেমনি পর্যটকেরাও নীরবে এই ঐতিহ্য উপভোগ করেন।
মন্দিরের চারপাশে রয়েছে ছোট ছোট দোকান, যেখানে স্থানীয়দের তৈরি হস্তশিল্প, পূজার সামগ্রী, খাবার এবং নানা উপহার সামগ্রী বিক্রি হয়। এখানকার মানুষ অত্যন্ত সদয় এবং অতিথিপরায়ণ। কেউ জোর করে কিছু বিক্রি করতে আসে না, এবং দামাদামির প্রবণতাও কম। স্থানীয় বাজারে একধরনের আঞ্চলিক খাবার পাওয়া যায়, যা পাহাড়ি স্বাদের প্রতিফলন ঘটায়। মনোকামনা ভ্রমণ আমাদের মনে গভীর প্রভাব ফেলেছে। এটি শুধু ধর্মীয় নয়, বরং নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত পর্যটন পরিকাঠামো এবং সুশৃঙ্খল সামাজিক পরিবেশের এক নিখুঁত নিদর্শন। কেবল কারে করে পাহাড় জয় করার যে আনন্দ, তা এই মন্দিরকে আরো বিশেষ করে তোলে।
লুম্বিনী শান্তির প্রতীক ও গৌতম বুদ্ধের জন্মস্থান। এই পবিত্র ভূমিতে পা রাখতেই এক আধ্যাত্মিক অনুভূতি জেগে ওঠে। প্রাকৃতিক পরিবেশে মোড়ানো, ইতিহাস ও ধর্মীয় তাৎপর্যে পূর্ণ লুম্বিনী বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে পর্যটক ও ধর্মানুরাগীদের আকর্ষণ করে।
আমাদের সফরের শুরু হয় ‘মায়াদেবী মন্দির’ দিয়ে। বিশ্বাস করা হয়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এখানে রাজমাতা মায়াদেবী গৌতম বুদ্ধকে জন্ম দেন। মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং এর ভেতরে সংরক্ষিত রয়েছে গৌতম বুদ্ধের জন্মচিহ্ন। মন্দির চত্বরে থাকা অশোক স্তম্ভ প্রমাণ করে এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব। মন্দিরের পেছনে রয়েছে একটি শান্ত পুকুর, যেখানে রাজমাতা সন্তান জন্মের পর স্নান করেছিলেন। সেখানে দাঁড়িয়ে যেন মনে হয় হাজার বছর আগের কোনো অধ্যায়ের অংশ আমরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট
পরবর্তী গন্তব্য ‘শান্তি স্তূপ’ বা World Peace Pagoda। এটি একটি বিশাল সাদা রঙের স্তূপ যা জাপানি বৌদ্ধদের উদ্যোগে নির্মিত। স্তূপটির চূড়ায় রয়েছে গৌতম বুদ্ধের চারটি জীবনচক্রের চিত্র এবং নিচে রয়েছে প্রশান্ত বাগান। এখানে দাঁড়িয়ে মনে হয়, যেন আমরা বিশাল এক পবিত্রতার বাতাবরণে আছি। চারপাশের নীরবতা ও প্রকৃতির মিশ্রণে হৃদয়ে এক প্রশান্তি নেমে আসে।
লুম্বিনী এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন দেশের তৈরি করা বৌদ্ধ বিহার ও মন্দির। চীন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্সসহ বহু দেশের নিজস্ব স্থাপত্যে তৈরি বিহারগুলো লুম্বিনীতে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনের ক্ষেত্র তৈরি করেছে। প্রতিটি বিহার একেকটি স্থাপত্যকলা ও ধর্মীয় শিক্ষার কেন্দ্র, যেখানে ধ্যান, প্রার্থনা ও আত্মঅনুসন্ধানের সুযোগ রয়েছে।
লুম্বিনীর পরিবেশ অত্যন্ত শান্ত। এখানে গাড়ির শব্দ নেই, নেই উচ্চস্বরে কথা বলা। সবাই যেন আপন মনে নিজেদের ভেতরের একটি প্রশান্তির খোঁজে এসেছে। আন্তর্জাতিক পর্যটকেরা এখানে আসেন শুধু দেখতে নয়, বরং উপলব্ধি করতে — শান্তি, ত্যাগ ও প্রজ্ঞার দর্শন। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ একত্রিত হন একই বার্তার জন্য – ‘জগতের শান্তি’।
এই পবিত্র ভ্রমণের শেষ প্রান্তে এসে আমরা অনুভব করলাম – লুম্বিনী কোনো সাধারণ পর্যটনস্থান নয়, এটি আত্মার পথযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। গৌতম বুদ্ধের জন্মভূমি হিসেবে লুম্বিনী শুধু ইতিহাস নয়, বরং আজও এক জীবন্ত আধ্যাত্মিক প্রেরণা।
ভক্তপুর, নেপালের একটি প্রাচীন শহর, যেটি তার ঐতিহ্যবাহী স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং চিত্রময় রাস্তাঘাটের জন্য বিখ্যাত। কাঠমুন্ডু উপত্যকার তৃতীয় বৃহত্তম শহর হলেও, ভক্তপুরের সৌন্দর্য যেন এক ভিন্ন জগতে নিয়ে যায়। এখানকার প্রতিটি ইট আর কাঠ একটি করে ইতিহাস বহন করে।
ভক্তপুর দরবার স্কয়ার, এই শহরের প্রাণকেন্দ্র। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। স্কয়ারে প্রবেশ করতেই চোখে পড়ে রাজপ্রাসাদ, ভাস্কর্য, মন্দির ও সমৃদ্ধ নকশাকৃত কাঠের জানালা। এখানকার প্রধান আকর্ষণ ‘৫তলা ন্যায়তাপোল মন্দির’, যেটি নিউয়ার স্থাপত্যকলার এক চমৎকার নিদর্শন।
স্কয়ারের একপাশে রয়েছে ‘৫৫ জানালার রাজপ্রাসাদ’, যা মল্ল রাজাদের শাসনামলের অন্যতম নিদর্শন। রাজপ্রাসাদের কাঠের জানালায় রয়েছে সূ² খোদাই করা শিল্প, যা দেখতে আসা পর্যটকদের বিস্ময়ে ভরিয়ে তোলে। প্রতিটি নকশা ও কারুকাজ একটি করে গল্প বলে।
ভক্তপুরের নিউয়ার সম্প্রদায় এখানকার মূল বাসিন্দা, যারা বহু শতাব্দী ধরে ঐতিহ্য ধরে রেখেছে। এই সম্প্রদায়ের সংস্কৃতি, পোশাক, ধর্মাচরণ এবং খাদ্যাভ্যাস এক অনন্য বৈশিষ্ট্য বহন করে। নিউয়াররা মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাস করে।
এখানে আমরা দেখেছি ‘কুমারী পূজা’ প্রথার নিদর্শন, যেখানে কুমারী নামে এক কন্যাকে জীবন্ত দেবী রূপে পূজা করা হয়। এই ঐতিহ্য কাঠমুন্ডু ও ভক্তপুর দুই শহরেই প্রচলিত। তার চলাফেরা, বসবাস ও আচরণ সব কিছুই নিয়মমাফিক এবং পবিত্রতা নির্ভর। এটি নিউয়ার সংস্কৃতির এক গর্বিত অংশ।
ভক্তপুরের প্রতিটি বাড়ি, প্রাচীন রাস্তা ও মন্দির কাঠের খোদাই শিল্পে সুসজ্জিত। এখানকার স্থানীয় কারিগরেরা আজও হাতে খোদাই করে তৈরি করে নানা শিল্পপণ্য, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। রাস্তার পাশে বসে থাকা মৃৎশিল্পীদেরও দেখা যায়, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য ধরে রেখেছে।
ভক্তপুর ভ্রমণ আমাদের জানায় কীভাবে একটি শহর তার অতীতকে সম্মান করে বর্তমানকে গড়ে তোলে। ঐতিহ্য, স্থাপত্য ও সংস্কৃতির এই অপরূপ মিলনস্থল ভক্তপুর প্রতিটি পর্যটকের জন্য একটি অবশ্যই দেখার মতো গন্তব্য।
জনকপুর নেপালের একটি ঐতিহাসিক ও ধর্মীয় নগরী, যা বিশেষভাবে সীতা মাতার জন্মস্থান হিসেবে খ্যাত। এটি ভারতের সীমান্তের নিকটে ধনুষা জেলায় অবস্থিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। রামায়ণের কাহিনীতে উল্লেখ আছে, অযোধ্যার রাজপুত্র ভগবান শ্রী রামের সাথে সীতা দেবীর বিবাহ এখানেই সম্পন্ন হয়েছিল। তাই জনকপুর রাম-সীতা বিবাহ উৎসবের জন্য প্রসিদ্ধ, যেখানে প্রতিবছর হাজার হাজার ভক্ত সমবেত হন।
এখানকার প্রধান আকর্ষণ হলো জনকী মন্দির, যা একটি চমৎকার স্থাপত্যশৈলীর নিদর্শন। এটি সাদা পাথর দিয়ে নির্মিত বিশাল এক প্রাসাদসদৃশ মন্দির, যা “নওলাখা মন্দির” নামেও পরিচিত, কারণ এর নির্মাণ খরচ ছিল নয় লাখ রুপি। মন্দিরের ভিতরে সীতা মাতার পূজা হয়ে থাকে এবং পাশাপাশি রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্নের মূর্তিও পূজিত হয়।
এছাড়া জনকপুরে আরও অনেক মন্দির ও ঘাট রয়েছে, যেমন রাম মন্দির, বিবাহ মণ্ডপ ও দুধমতি কুন্ড, যেগুলো দর্শনার্থীদের আকর্ষণ করে।
সংস্কৃতির দিক থেকেও জনকপুর সমৃদ্ধ। এটি মিথিলা সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। মিথিলা শিল্প, বিশেষ করে মাধুবনী চিত্রকলার জন্য এই অঞ্চল বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। স্থানীয় উৎসব, সঙ্গীত ও নৃত্য দর্শনার্থীদের মুগ্ধ করে। জনকপুরে ভ্রমণের সর্বোত্তম সময় হলো শীতকাল, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, যখন আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে। এখানকার মানুষ অতিথিপরায়ণ এবং স্থানীয় বাজারে হাতে তৈরি শিল্পকর্ম, পোশাক ও অলঙ্কার সহজলভ্য। জনকপুর শুধু একটি ধর্মীয় নগরী নয়, বরং এটি নেপালের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। যারা নেপালের ভেতরে ভ্রমণ করেন, তাদের জন্য জনকপুর এক অবিস্মরণীয় গন্তব্য।
চিতওয়ান জাতীয় উদ্যান নেপালের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক অভয়ারণ্য, যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। এটি নেপালের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং প্রায় ৯৩২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। উদ্যানটি মূলত তরাই অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ঘন অরণ্য, তৃণভূমি ও নদীভিত্তিক বাস্তুসংস্থান গড়ে উঠেছে।
চিতওয়ান বিশেষভাবে পরিচিত বিরল একশৃঙ্গ গণ্ডারের জন্য, যা এখানে প্রায় হাজারেরও বেশি সংখ্যায় পাওয়া যায়। এছাড়া রয়েল বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, হরিণ, ভাল্লুক, চিতা ও বিভিন্ন প্রজাতির বানরও এখানে দেখা যায়। প্রায় ৫০০ প্রজাতির পাখির বসবাস রয়েছে এ উদ্যানে, যার মধ্যে কালো স্টর্ক, কিংফিশার, হর্নবিল ও ময়ূর অন্যতম। নদীগুলোতে ঘড়িয়াল কুমির ও গাঙ্গেয় ডলফিনও পাওয়া যায়।
ভ্রমণকারীরা এখানে জঙ্গল সাফারি, হাতি চড়ে ভ্রমণ, ক্যানো রাইড ও স্থানীয় থারু জনগোষ্ঠীর সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমীদের জন্য এটি এক স্বর্গীয় গন্তব্য। সব মিলিয়ে, চিতওয়ান জাতীয় উদ্যান নেপালের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে।
অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক নেপালের অন্যতম জনপ্রিয় ও মনোমুগ্ধকর ট্রেকিং রুট, যা বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। এটি প্রায় ৪১৩০ মিটার উচ্চতায় অবস্থিত এবং অন্নপূর্ণা পর্বতশ্রেণির অপূর্ব সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার সুযোগ দেয়। সাধারণত ৭ থেকে ১২ দিনের মধ্যে এই ট্রেক সম্পন্ন করা যায়, যা কাঠমান্ডু বা পোখরা থেকে শুরু হয়।
ট্রেকের পথে পর্যটকরা ধাপে ধাপে পাহাড়ি গ্রাম, সবুজ অরণ্য, ধানক্ষেত, জলপ্রপাত ও নদীর মনোরম দৃশ্য উপভোগ করেন। স্থানীয় গুরুঙ্গ ও মাগার জনগোষ্ঠীর আতিথেয়তা এবং তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ। পথে গোরেপানি, ঘোড়েপানি, ছোমরং, দৌলাগিরি ও মাচাপুচ্ছ্রের মতো বিখ্যাত ভিউপয়েন্টগুলো চোখ জুড়ানো দৃশ্য উপহার দেয়।
অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছালে চারপাশে তুষারাবৃত অন্নপূর্ণা, মাচাপুচ্ছ্রে, হিয়ুনচুলি ও অন্যান্য পর্বতের মহিমা এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। বরফে ঢাকা উপত্যকা ও স্বচ্ছ আকাশ ভ্রমণকারীদের মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকে। সব মিলিয়ে, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক শুধুমাত্র একটি ভ্রমণ নয়, বরং এটি প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের এক দুর্দান্ত সমন্বয়, যা নেপাল ভ্রমণকে স্মরণীয় করে তোলে।
স্বয়ম্ভূনাথ ও বৌদ্ধনাথ স্তূপ নেপালের কাঠমান্ডু উপত্যকার দুটি বিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা, যা বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীর কাছে সমানভাবে পবিত্র।
স্বয়ম্ভূনাথ, জনপ্রিয়ভাবে “বানর মন্দির” নামে পরিচিত, কাঠমান্ডু শহরের পশ্চিম প্রান্তে একটি পাহাড়চূড়ায় অবস্থিত। এর ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরোনো বলে ধারণা করা হয়। মূল স্তূপটি সোনালী গম্বুজ এবং বুদ্ধের সর্বদর্শী চোখের প্রতীক দ্বারা সজ্জিত, যা শান্তি ও জ্ঞানের প্রতীক বহন করে। এখান থেকে পুরো কাঠমান্ডু শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়। স্থানটির চারপাশে ছোট ছোট মন্দির, বিহার ও অসংখ্য বানর ভ্রমণকারীদের আকর্ষণ করে।
অন্যদিকে, বৌদ্ধনাথ স্তূপ দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্তূপগুলির একটি এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি প্রায় ৩৬ মিটার উঁচু, সাদা গম্বুজ ও সোনালী মিনারে বুদ্ধের চোখ খচিত। স্তূপটির চারপাশে অসংখ্য প্রার্থনার চাকা (চৎধুবৎ ডযববষ) রয়েছে, যা ভক্তরা ঘুরিয়ে শান্তি ও কল্যাণ কামনা করেন। এখানে মূলত তিব্বতীয় বৌদ্ধ সম্প্রদায়ের প্রভাব বেশি, ফলে এটি নেপালের “তিব্বতি সংস্কৃতির কেন্দ্র” হিসেবে পরিচিত।
সব মিলিয়ে, স্বয়ম্ভূনাথ ও বৌদ্ধনাথ কেবল ধর্মীয় স্থাপনা নয়, বরং নেপালের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক, যা দেশি-বিদেশি ভ্রমণকারীদের মনে অম্লান ছাপ ফেলে।
ফেওয়া লেক এবং সারাংকোট নেপালের পোখারার দুটি অন্যতম দর্শনীয় স্থান, যা ভ্রমণকারীদের মনে এক অনন্য অভিজ্ঞতা জাগায়।
ফেওয়া লেক পোখারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শান্ত ও মনোরম হ্রদ। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ, যার আয়না-সদৃশ পানিতে হিমালয়ের অন্নপূর্ণা পর্বতমালার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। পর্যটকেরা এখানে নৌকা ভ্রমণ, কায়াকিং এবং লেকের মাঝখানে অবস্থিত বরাহী মন্দির দর্শন করতে পারেন। সন্ধ্যায় লেকের ধারে হাঁটাহাঁটি ও সূর্যাস্তের দৃশ্য ভ্রমণকারীদের বিশেষভাবে মুগ্ধ করে।
অন্যদিকে, সারাংকোট পোখারার কাছে একটি পাহাড়চূড়া, যা প্রায় ১,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। এটি সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত। ভোরবেলায় যখন সূর্যের প্রথম কিরণ অন্নপূর্ণা, ধৌলাগিরি ও মাচাপুচ্ছ্রে (ফিশটেইল) পর্বতের গায়ে পড়ে, তখন দৃশ্যটি স্বপ্নীল হয়ে ওঠে। এছাড়া সারাংকোট প্যারাগ্লাইডিংয়ের জন্যও বিশ্বজুড়ে পরিচিত, যেখানে আকাশ থেকে লেক, শহর ও পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগ করা যায়।
সব মিলিয়ে, ফেওয়া লেকের শান্ত জলরাশি ও সারাংকোটের মহিমান্বিত সূর্যোদয় মিলে পোখারাকে নেপালের এক অবিস্মরণীয় ভ্রমণকেন্দ্র করে তুলেছে।
নাগরকোট নেপালের এমন একটি স্থান, যেখান থেকে সূর্যোদয়ের সময় হিমালয়ের অপরূপ দৃশ্য অবলোকন করা যায়। এই পাহাড়ি ছোট্ট শহরটি কাঠমুন্ডু শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত, যা পাহাড়প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য।
আমাদের যাত্রা শুরু হয় কাঠমুন্ডু থেকে। নাগরকোট যাওয়ার রাস্তা পুরোপুরি পাহাড়ি, আঁকাবাঁকা পথ এবং চারপাশে ছড়ানো গ্রাম, সবুজ বনানী ও মাঝে মাঝে দেখা মেঘ আমাদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। কখনো পাহাড়ের চূড়া ছুঁয়ে চলে যাওয়া মেঘের ভেতর দিয়ে গাড়ি চলে, আবার কখনো নিচের উপত্যকা দেখা যায় দূর থেকে।
নাগরকোটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার সূর্যোদয়। ভোরবেলা হোটেলের ছাদ বা নির্ধারিত ঠরবি চড়রহঃ থেকে দেখা যায় ধীরে ধীরে সূর্য ওঠা এবং সেই সাথে বরফে ঢাকা হিমালয়ের রূপ উন্মোচিত হওয়া। এ যেন স্বর্গীয় কোনো দৃশ্য — রক্তিম আলোয় স্নান করা পাহাড়শ্রেণি। অনেক পর্যটক সূর্যোদয়ের জন্য আগের রাতেই নাগরকোটে পৌঁছে যান।
এখানকার হোটেল ও হোমস্টেগুলো সাধারণত পাহাড়ি ধাঁচের, কাঠ ও পাথর দিয়ে তৈরি। অত্যন্ত পরিস্কার এবং আরামদায়ক এই আবাসনগুলোতে অতিথি আপ্যায়ন অত্যন্ত আন্তরিক। স্থানীয় পরিবারের পরিচালিত হোমস্টেতে আমরা দেখেছি কেমন করে তারা পাহাড়ি জীবনযাত্রার মাঝে অতিথিদের আতিথেয়তায় কোনো ত্রুটি রাখে না।
নাগরকোট গ্রামের মানুষজন অত্যন্ত সদাচারী এবং সৎ। এখানে নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা হয়নি। পর্যটকদের জন্য নির্ধারিত পুলিশ সহায়তা বুথ, নির্দেশনা বোর্ড এবং পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে নাগরকোট এক শান্তিপূর্ণ স্বর্গ, যেখানে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ।
নাগরকোট ভ্রমণ আমাদের মনে এক গভীর প্রশান্তি এবং ভালোবাসা রেখে গেছে। হিমালয়ের রূপ, মেঘের খেলা এবং পাহাড়ি জীবনের সরলতা আমাদের হৃদয়ে গেঁথে গেছে চিরদিনের মতো।
নেপালের প্রতিটি দিন আমাদের জীবনের এক একটি রঙিন অধ্যায় হয়ে থাকবে — পাহাড়, নদী, মেঘ, মানুষ আর ঐতিহ্যের মিশেলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভ্রমণের শেষদিনে আমরা পৌঁছাই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, কাঠমুন্ডুর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিমানবন্দরটি নেপালের একমাত্র আন্তর্জাতিক গেটওয়ে।
ত্রিভুবন বিমানবন্দর অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো ঝলমলে না হলেও এতে রয়েছে নিজস্ব শৃঙ্খলা ও সাদামাটা আতিথেয়তা। যাত্রা শুরুর আগেই বিমানবন্দরের ভেতরে চোখে পড়ে স্থানীয় সংস্কৃতির প্রতিফলন— প্রাচীন শিল্পকলা, কাঠের খোদাই, বুদ্ধ মূর্তি এবং তথ্যকেন্দ্রগুলো পর্যটকদের দিকনির্দেশনায় সাহায্য করছে।
চেক-ইন ও ইমিগ্রেশন প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল। বাংলাদেশগামী যাত্রীদের আলাদা লাইনে দিকনির্দেশনা দেওয়া হচ্ছিল। এখানকার কর্মীরা সদাচারী, সাহায্যকারী এবং অতিথিপরায়ণ। নির্ধারিত সময়মতো হিমালয়া এয়ারলাইন্সে উঠার প্রস্তুতি নেওয়ার সময় মনটা হঠাৎ ভার হয়ে গেল যেন প্রিয় কোনো আপনজনকে বিদায় দিচ্ছি।
বিমানে বসে যখন নেপালের আকাশে উড়ছি, তখন নিচের পাহাড়গুলোকে বিদায় জানালাম মনের গভীর থেকে। মেঘের বুক চিরে হিমালয়কে পেছনে ফেলে আসা এক আবেগময় মুহূর্ত। বারবার মনে হচ্ছিল, এই দেশ শুধু ভৌগোলিক সৌন্দর্যের নয়, বরং এটি মানুষ, সংস্কৃতি আর হৃদয়ের পরম এক যাত্রার কেন্দ্রস্থল।
বাংলাদেশে ফিরে এলেও সেই পাহাড়ি রাস্তা, ফেওয়া লেকের ঢেউ, ভক্তপুরের রাজপ্রাসাদ, লুম্বিনীর প্রশান্তি কিংবা নাগরকোটের সূর্যোদয় — সবই এখন হৃদয়ের স্মৃতিফলকে চিরন্তন হয়ে রয়ে গেছে।
নেপাল থেকে ফিরে এসে উপলব্ধি করেছি ভ্রমণ শুধু চোখে দেখার বিষয় নয়, বরং এটি আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। এক টুকরো শান্তি, সংস্কৃতি এবং মানুষকে ভালোবাসার নামই ‘নেপাল’।
নেপাল ভ্রমণের এই অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। পাহাড়, নদী, মেঘ ও মানুষের আন্তরিকতা মিলে এমন একটি দেশকে চেনা হলো, যার সৌন্দর্য কেবল চোখে নয়, হৃদয়েও অনুভব করা যায়।
সফরের শুরু থেকেই লক্ষ্য করেছি নেপালের মানুষ অত্যন্ত সরল, সৎ এবং অতিথিপরায়ণ। শহর থেকে গ্রাম, যেখানেই গেছি, পেয়েছি এক আন্তরিক হাসিমুখ। ভক্তপুরের শিল্প, পোখরার প্রাকৃতিক দৃশ্য, লুম্বিনীর প্রশান্তি, নাগরকোটের সূর্যোদয় সবই আমাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে।
বিশেষ করে যে বিষয়টি আমাকে নাড়া দিয়েছে, তা হলো স্থানীয়দের জীবনযাত্রা। সীমিত সম্পদেও তারা কিভাবে পরিপাটি, পরিচ্ছন্ন এবং সম্মানজনক জীবনযাপন করেন, তা দেখলে শ্রদ্ধা জাগে। তাদের বাড়িগুলো হয়তো বিশাল নয়, কিন্তু সৌন্দর্য ও কার্যকারিতায় অসাধারণ।
ধর্মীয় সহনশীলতা ছিল আরেকটি বড় শিক্ষা। হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কোনো ধর্মীয় উগ্রতা নেই, নেই বিভেদ। এখানকার মেয়েরাও অনেক স্বনির্ভর দোকান, রেস্টুরেন্ট, হোটেল পরিচালনায় তারা অত্যন্ত দক্ষ। আমার মনে হয়েছে, নেপাল শুধু পর্যটনের জন্য নয়, বরং মানসিক প্রশান্তি ও সাংস্কৃতিক শিক্ষার একটি আদর্শ স্থান। এখানে প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের বন্ধনে গড়ে উঠেছে এক অনন্য জগৎ। এ ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়েছে ধৈর্য, সৌন্দর্য অনুধাবন, নীরবতার শক্তি এবং মানুষের প্রতি শ্রদ্ধা। নিজের মধ্যে একটা নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি, যা হয়তো সাধারণ জীবনে হারিয়ে যাচ্ছিল।
ভ্রমণের অভিজ্ঞতা:
নেপাল ভ্রমণ সহজ হলেও কিছু প্রস্তুতি ও সচেতনতা আপনাকে আরও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা এনে দেবে। যেকোনো পর্যটক, বিশেষ করে বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:
১. ভিসা ও ডকুমেন্টেশন- নেপালে বাংলাদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পায়। তবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। ত্রিভুবন বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং ভিসা ফি (২৫ ডলার, প্রায় ২৮০০ টাকা) প্রদান করে ভিসা সংগ্রহ করা যায়।
২. অর্থ ও বিনিময় হার- নেপালি রুপি ও বাংলাদেশি টাকার রেট প্রায় সমান হলেও কিছুটা পার্থক্য থাকতে পারে। ডলার বা টাকা নিয়ে গিয়ে কাঠমুন্ডুর নিউ রোড বা পোখরায় নির্ভরযোগ্য মানি এক্সচেঞ্জ থেকে রুপি নিতে পারেন। সবসময় নগদ কিছু টাকা রাখুন, কারণ প্রত্যন্ত অঞ্চলে কার্ড গ্রহণযোগ্য নাও হতে পারে।
৩. যাতায়াত- নেপালে অভ্যন্তরীণ যাতায়াতের জন্য বাস, মাইক্রোবাস, প্রাইভেট গাড়ি ও বাইক ভাড়ার ব্যবস্থা রয়েছে। পর্যটকরা চাইলে ড্রাইভারসহ গাড়ি ভাড়া নিতে পারেন, আবার নিজেই বাইক চালিয়ে ঘুরতেও পারেন (পাসপোর্টের কপি ও ছবি দিতে হয়)। পাহাড়ি পথগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে।
৪. আবহাওয়া ও পোশাক- নেপালের আবহাওয়া ঋতুভেদে ভিন্ন। শীতকালে (ডিসেম্বর–ফেব্রুয়ারি) প্রচন্ড ঠান্ডা পড়ে, বিশেষ করে নাগরকোট বা লুম্বিনীর মতো জায়গায়। তাই উষ্ণ পোশাক, হাত মোজা, টুপি সঙ্গে রাখা প্রয়োজন। বর্ষাকালে (জুলাই–আগস্ট) বৃষ্টি বেশি হয়, ফলে ছাতা ও রেইনকোট জরুরি।
৫. খাবার ও পানীয়- নেপালি খাবার সাধারণত ঝাল ও মসলা-যুক্ত, তবে বাংলাদেশি স্বাদের সঙ্গে কিছুটা মিল আছে। দুধ চা, মোমো (ভাপা পিঠার মতো), থুক্পা (সুপ নুডলস), দাল-ভাত প্রচলিত। বাইরের দোকানের পানি না খেয়ে বোতলজাত পানি পান করাই নিরাপদ।
৬. ধর্মীয় স্থান ভ্রমণের সময় আচরণ- পশুপতিনাথ, বৌদ্ধ স্তূপ, লুম্বিনীর মন্দির প্রভৃতি ধর্মীয় স্থানে ঢোকার আগে জুতা খুলে রাখা, উচ্চস্বরে কথা না বলা এবং ছবির বিষয়ে নির্দেশনা মেনে চলা উচিত। স্থানীয়দের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
৭. নিরাপত্তা- নেপাল পর্যটকদের জন্য নিরাপদ দেশ হিসেবে পরিচিত। তবে মূল্যবান জিনিসপত্র (পাসপোর্ট, ক্যামেরা, ফোন) নিরাপদে রাখতে হবে। বিশেষ করে ভিড়ের মধ্যে সতর্ক থাকা ভালো। নারী পর্যটকরাও সাধারণত নিরাপদে ভ্রমণ করতে পারেন।
৮. স্বাস্থ্য ও ওষুধ- যেকোনো ভ্রমণে ব্যক্তিগত ওষুধ, প্যারাসিটামল, ব্যান্ডেজ, ঙজঝ, পেনকিলার সঙ্গে রাখা জরুরি। বুকে-কোমরে ব্যথা বা ঠান্ডাজনিত ওষুধ নেওয়া উচিত, কারণ পাহাড়ি আবহাওয়ায় এগুলো সমস্যা করতে পারে।
৯. স্মারক ও কেনাকাটা- নিউ রোড, ঠামেল, পোখরা, ভক্তপুরে স্থানীয় হস্তশিল্প, কাঠের তৈরি মূর্তি, শাল, টুপি, গয়না কিনতে পারবেন। দামাদামি করা যায়, তবে সীমার মধ্যে। নেপালি চায়ের প্যাকেট ও গুড়ো মসলা বাংলাদেশে উপহার হিসেবে জনপ্রিয়।
১০. ইন্টারনেট ও যোগাযোগ- নেপালে ঘঞঈ ও ঘপবষষ নামে দুইটি মোবাইল অপারেটর আছে। পাসপোর্ট কপি ও ছবি দিয়ে সহজেই সিম কেনা যায়। ৪এ ইন্টারনেট কাঠমুন্ডু ও পোখরায় পাওয়া যায়, তবে পাহাড়ি এলাকাগুলোতে নেটওয়ার্ক দুর্বল হতে পারে।
এইসব টিপস অনুসরণ করলে নেপাল ভ্রমণ আরও সহজ, আনন্দময় এবং ঝুঁকিমুক্ত হবে। মনে রাখুন — ভালো প্রস্তুতি মানেই সফল ভ্রমণের প্রথম ধাপ।