প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:২৬ এএম

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করবেন। রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী।
এদিন বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন শিক্ষকরা। মিছিল বিকেল ৫টা পর্যন্ত চলেছিল।
এদিকে, সরকারের পক্ষ থেকে নানা সীমাবদ্ধতার মধ্যে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি শিক্ষক সমাজ আরও বেশি পাওয়ার অধিকারী। তবে বর্তমান সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
তিনি জানান, সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করবে।
অর্থ মন্ত্রণালয়ও এ বিষয়ে আদেশ দিয়েছে। আদেশ অনুযায়ী, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নভেম্বর মাস থেকে কার্যকর হবে। তবে আন্দোলনরত শিক্ষকরা ৫ শতাংশ বাড়িভাড়া গ্রহণ না করে অনশনসহ অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।