প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:২২ এএম

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কমরেড আহসান উল্লাহ চৌধুরী (৯০) আর নেই। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
গতকাল শনিবার সকালে নগরীর আফমী প্লাজার পশ্চিমের আবাসিক এলাকায় আহসান উল্লাহ চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হাজারী গলিতে সিপিবি কার্যালয়ে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জোহরের পর মিরসরাই উপজেলার চৈতন্যেরহাট এলাকার জনার্দনপুর গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার পর দাফন করা হয়।
আহসান উল্লাহর জামাতা আরিফুর রহমান বলেন, আহসান উল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
প্রসঙ্গত, ১৯৭১ সালে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসে বাধা দিয়েছিলেন স্থানীয় ছাত্র-জনতা ও শ্রমিকরা। এই প্রতিরোধের অন্যতম সংগঠক ছিলেন ভাষাসংগ্রামী আহসান উল্লাহ চৌধুরী। তিনি শ্রমিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। একসময় ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতির দায়িত্ব পালন করেন।
জ/উ