প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৯:৪৪ পিএম

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এরপরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপে তারা। এসময় দলীয় কয়েকজন নেতাকর্মীকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতেও দেখা যায়।
এতে পরিস্থিতি কিছুটা শান্ত হতেই কিছু নেতাকর্মী পেছন দিক থেকে এসে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। সেময় পুলিশ সদস্যরা রমনা থানার দিকে কিছুটা পিছু হটে। এসময় জাতীয় পার্টির কার্যালয়ের নিচে একটি স্টোররুমের গেট ভেঙে অগ্নিসংযোগ করা হয়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা পিছু হটলে পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয়।