বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪০ পিএম

ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি— তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা নিজেদের অপকর্ম দেখছে না।কিন্তু এসব ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের কোনো লাভ হবে না, কূটকৌশল ও নীল নকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের যারা অপরাধ করছেন বলে প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, সামনে নির্বাচন বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। মাস্টারপ্ল্যান করছেন। নিজেদেরকে আড়াল করে, নানা কল্পকাহিনী তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে।একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।

এছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে মবের (হামলা) মাধ্যমে হত্যারও নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা।তিনি বলেন,'মব কালচার আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই মব কালচার একটি বৃহত্তর ক্যানসারের ঘা তৈরি করছে।অন্তর্বর্তীকালীন সরকারকে এই মব কালচার সৃষ্টিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারও হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদেরকে অদৃশ্য করে দিত বিচারবহির্ভূত হত্যা করতো সেই কারণেই সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এমন আইন করা হোক, যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায়।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় ২ হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনো যেতে পারিনি, এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে এখনো বাংলাদেশ ততটা প্রস্তুত না। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই বলেও জানান।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারাদেশে বিএনপির কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সেখানে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্যও দোয়া করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   রুহুল কবির রিজভী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft