সাংবাদিক তুহিনকে হত্যার কারণ জানালেন এডিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৪:৫৭ পিএম

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার কারণ প্রাথমিক তদন্তে উদ্ঘাটন করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে চায়ের দোকানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে সন্ত্রাসীরা।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, একজন নারী ও একজন পুরুষের বিতণ্ডাকে কেন্দ্র করে সহিংসতার ভিডিও করায় সাংবাদিক তুহিনকে কোপায় সন্ত্রাসীরা।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাই, একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় একজন নারীকে আঘাত করেন একজন পুরুষ। এরপরই ৪-৫ জন তরুণ চাপাতিসহ এসে ওই পুরুষকে আঘাত করে। একপর্যায়ে ওই পুরুষকে আর সিনের ভেতরে পাওয়া যায় না।’

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে আহত পুরুষটি জয়দেবপুর সদর হাসপাতালে ভর্তি। তার নাম বাদশা মিয়া। তার সঙ্গে পুলিশের কথা হয়।

বাদশা মিয়াকে উদ্ধৃত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ‘আমরা তার মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই ঘটনাটি সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করেন। এটি বুঝতে পেরে ঘাতকরা তুহিনকে এটা ডিলিট করতে বলে। কিন্তু তুহিন ভিডিওর বিষয়টি অস্বীকার করলে তাকে সেখানেই কোপায় সন্ত্রাসীরা।

প্রাথমিক তদন্তে এসব তথ্যই উঠে এসেছে জানিয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) রবিউল ইসলাম বলেন, পরবর্তী তদন্তে আরও বিষদ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft