প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৩৫ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকাল ৬টায় তিস্তার পানি ছিল ৫২ মিটার ১৭ সেন্টিমিটার। যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টার দিকে তা এসে দাঁড়ায় বিপৎসীমায়। এরপর দুপুরে তা ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।
এর আগে গত ২৯ জুলাই রাতেও একই মাত্রায় পানি বেড়েছিল। তখন তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে পানি ওঠানামা করায় নীলফামারী ও লালমনিরহাটের নদীপাড়ের মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক নিচু এলাকায় ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।
পাউবো ও স্থানীয় প্রশাসন বলছে, তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।