সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৪:৫৮ পিএম

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরও একজন। 

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মিল্লাতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। 

নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও মো. লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছে যান মিল্লাত, লিটন, আফছার ও তার তাদের সহযোগীরা। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়েছে। অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাশপদুয়া সীমান্ত চোরাকারবারি প্রবণ এলাকা। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে। এদিকে লিটনের লাশ দেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft