প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৭:৫৮ পিএম

সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার তদন্তের আবেদন করায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মুসফিকুর রহমান (আহত যোদ্ধা)। হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান তিনি।
আজ রোববার বেলা ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) নিচতলার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা মুসফিকুর রহমান জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আন্তর্জাতিক তদন্ত চেয়ে আবেদন করেছিলেন। এর জের ধরেই তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পান। এছাড়াও আসামীদের প্ররোচনায় নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের পাপ্পু মিয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক পরিচয় দানকারী রফিকুল ইসলাম শুভ হুমকি দেয়া অব্যাহত রেখেছে। সে পূর্বে আওয়ামীলীগের কর্মী ছিল, কিন্তু এখন সে এনসিপির সাথে কিভাবে জড়িত হলো বা এনসিপিকে ব্যবহার করে কিভাবে একজন জুলাই যোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তা বোধগম্য নয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তিনি সত্য উন্মোচনের চেষ্টা করছেন এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।