প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৪:০৮ পিএম

২৮ জুন বিকালে ঢাকায় সিদীপ মিলনায়তনে প্রকৃতি ও সিদীপ প্রকাশিত প্রবন্ধসংকলন ‘মাতৃভাষা ও শিক্ষা: শতবর্ষের ভাবনা’ গ্রন্থটি নিয়ে ‘এবং বই’ ও ‘শিক্ষালোকে’র যৌথ আয়োজনে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। অক্ষয় কুমার দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের অধ্যাপক শহিদুল ইসলাম পর্যন্ত প্রথিতযশা লেখকদের মোট ৮টি লেখা নিয়ে সংকলনটি সম্পাদনা করেছেন আলমগীর খান।
সিদীপ এর ভাইসচেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- লেখক জাভেদ হুসেন, ইউল্যাব শিক্ষক খান মো. রবিউল আলম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক কুদরতে খোদা, এনসিটিবির প্রধান সম্পাদক ফাতিহুল কাদির সম্রাট, কবি শামসেত তাবরেজী, সাহিত্যিক আহমেদ বশির ও শিল্পী শিশির মল্লিকসহ অনেকে।
জাভেদ হুসেন ‘মাতৃভাষা ও শিক্ষা’ বইটি নিয়ে তার আলোচনায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে বলেন, রাজার ১০০০ চোখ থাকলেও যখন শিক্ষার ব্যাপার আসে তখন তার ৯৯০টি চোখ বন্ধ হয়ে যায়।
প্রধান অতিথি শিক্ষাবিদ শহিদুল ইসলাম বলেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল, সেজন্য আমরা ভাষাসহ সবকিছুতেই পরনির্ভরশীল। তিনি বলেন, আমাদের বাংলা ভাষার চর্চা যেমন বাড়াতে হবে ঠিক তেমনি প্রযুক্তির দিকেও নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।