প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৮:১৩ পিএম

গল টেস্টে ৫০ রানে তিন উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮০ রান। মুশফিকুর রহিম ১৭৬ বলে ১০০ রান এবং ২৪৬ বলে ১২৯ রান নিয়ে ব্যাট করছেন শান্ত।
মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ খেলে খালি হাতে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাদমান ইসলামও। ৫৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই বাঁহাতি ওপেনার।
মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৩ বলে ২৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।
সবশেষ গত বছর পাকিস্তানে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অভিজ্ঞ ব্যাটার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন মুশফিক। আর ফর্মে ফিরেই টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।