
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রোববার বিকেল ৫টার দিকে তিনি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে প্রবেশ করেন এবং সাড়ে ৫টার দিকে বৈঠক শেষে বেরিয়ে যান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিভিন্ন দলের নেতারা। দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটে প্রথম দফার বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেন।
জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।