চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত লোহার মই স্পর্শ করে দাদি, নাতনি ও ভাতিজির মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাদুড়তলা গ্রামে বিদ্যুতায়িত লোহার মই স্পর্শ করে একই পরিবারের তিন নারী সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর বাদুড়তলা গ্রামে মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাড়ির মালিক মোসা. হাসিনা বেগম (৫০), তাঁর নাতনি মোসা. মীম (১৩) এবং রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা তাঁর ভাতিজি মোসা. আশা (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাদে ওঠার লোহার মইয়ের সঙ্গে বাঁধা একটি জিআই তারের সংস্পর্শে থাকা বৈদ্যুতিক তার থেকে পানিতে ভিজে বিদ্যুৎ লিকেজ সৃষ্টি হয়। সকালে হাসিনা বেগম মইয়ে একটি পাতা বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে প্রথমে ভাতিজি আশা এবং পরে নাতনি মীমও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে এক অটোরিকশাচালক বাড়ির মেইন সুইচ বন্ধ করলে তিনজন মাটিতে পড়ে যান। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করেছে। মরদেহগুলো নিহতদের বাড়িতে রাখা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।