প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম

পাঁচবিবি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পরিত্যক্ত টেক্সটাইল মিল প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ ওরফে রাজা বাবু।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে আমি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চাই। আপনাদের সুখে দুখে সব সময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা যে কোন প্রয়োজনে আমার কাছে আসবেন আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা। আমি নির্বাচিত হলে পৌরসভাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম নয়নসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫ শতাধিক পুরুষ-নারী নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।