প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের একমাত্র মাধ্যম খোয়াই নদীর উপর বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই ব্রিজ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, পূর্বাঞ্চলের যাতায়াত করা যাত্রীসহ যানবাহনের চালকরা। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিন দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীদের।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির লোহার পাত ও সংযোগস্থলের বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে ফাঁক, আবার কিছু অংশে মরিচা ধরে দুর্বল হয়ে পড়েছে কাঠামো। ফলে ভারী যানবাহন চলাচলের সময় পুরো ব্রিজ কেঁপে ওঠে, যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। এলাকাবাসী জানান, এই ব্রিজের ওপর দিয়েই প্রতিদিন আশপাশের কয়েকটি এলাকার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং জরুরি চিকিৎসাসেবার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু ব্রিজের বর্তমান অবস্থা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক পরিবহন বিকল্প পথ ব্যবহার করছে। এতে সময় ও পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। যানজটে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও কষ্টের যেন শেষ হয় না। এলাকার সচেতন মহল মনে করেন, সামান্য সংস্কারের মাধ্যমে আপাতত ঝুঁকি কমানো সম্ভব হলেও দীর্ঘমেয়াদে নতুন একটি টেকসই ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, খোয়াই ব্রিজ নতুন করে নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।