তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম

ভারতের তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া আদেশে আদালত বলেন, বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। ফলে রাজ্যজুড়ে গরু জবাই নিষিদ্ধ করার হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না।

অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকারের করা বিশেষ অনুমতি আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু নির্ধারিত স্থানে জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আইন যা অনুমোদন করে, তার বিপরীত কোনো বিচারিক নির্দেশ টেকসই হতে পারে না।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণনের বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায়ে সংবিধানের ৪৮ অনুচ্ছেদের আলোকে দুধ উৎপাদনকারী ও কৃষিকাজে ব্যবহৃত গবাদিপশু, বিশেষ করে গরু ও বাছুর সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়। অন্যদিকে, রাজ্য সরকার জানায়, তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজারভেশন অ্যাক্টসহ বিদ্যমান আইনে কোথায় এবং কী শর্তে পশু জবাই করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে। তবে এসব আইনে গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কোনো বিধান নেই।

প্রসঙ্গত, তামিলনাড়ুতে স্থানীয় আইন অনুসরণ করে মুসলিমরা ব্যক্তিগত বা ধর্মীয় স্থানে কোরবানি দিয়ে থাকেন। এছাড়া রাজ্যের অনেক হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবে পশুবলির প্রচলন রয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের মতে, সব কোরবানি বা পশুবলি শুধু লাইসেন্সপ্রাপ্ত জবাইখানায় সীমাবদ্ধ করা বাস্তবসম্মত নয়, কারণ উৎসবের সময়ে অধিকাংশ জবাইখানার সক্ষমতা চাহিদার তুলনায় কম। সূত্র: এনডিটিভি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft