প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৫৩ এএম

হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
গতকাল শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী দেশের সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং স্বাস্থ্যসেবা তার অন্যতম অগ্রাধিকার।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই হাসপাতাল অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে বিদ্যমান অনিয়ম ও সেবার ঘাটতি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, কোনো রোগী যদি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢাকায় স্থানান্তর হতে বাধ্য হন, তবে সেটি হাসপাতালের সক্ষমতার ঘাটতি হিসেবেই বিবেচিত হবে। দুর্নীতি বন্ধ ও সেবার মান উন্নয়নকে তিনি নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
শামা ওবায়েদ আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে হাসপাতালের পরিবেশ নষ্ট করতে বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জ/দি