প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:০৫ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাংলাদেশকে ভবিষ্যতে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (২১ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৩০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিমান পরিবহন এখন শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, “একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা জাতীয় উন্নয়নের অপরিহার্য ভিত্তি। দেশের এভিয়েশন খাত ভবিষ্যতে কোথায় পৌঁছাবে, সেই দিকনির্দেশনাই মহাপরিকল্পনায় প্রতিফলিত হতে হবে।”
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ