তদন্তের মুখে রোবোট্যাক্সি প্রতিষ্ঠান অ্যাভরাইড
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫২ পিএম

স্বয়ংচালিত গাড়ির একাধিক দুর্ঘটনার ঘটনায় তদন্তের মুখে পড়েছে রোবোট্যাক্সি প্রতিষ্ঠান অ্যাভরাইড। যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এনএইচটিএসএ জানিয়েছে, কোম্পানিটির স্বচালিত সফটওয়্যারের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তদন্ত শুরু করা হয়েছে।

উবারের অংশীদার প্রতিষ্ঠান অ্যাভরাইড–এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। সংস্থাটি জানিয়েছে, কোম্পানিটির স্বয়ংচালিত যানবাহনের সঙ্গে জড়িত অন্তত ১৬টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।

এনএইচটিএসএর অফিস অব ডিফেক্টস ইনভেস্টিগেশন বলছে, দুর্ঘটনাগুলোর পেছনে অ্যাভরাইডের স্বচালিত সফটওয়্যারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে লেন পরিবর্তন, একই লেনে থাকা অন্য যানবাহনের প্রতিক্রিয়া এবং সড়কে থাকা স্থির বস্তুকে শনাক্ত করার ক্ষেত্রে ত্রুটি দেখা গেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, সব দুর্ঘটনার সময় গাড়িতে নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে একজন চালক উপস্থিত ছিলেন। তবে কেন তারা সময়মতো হস্তক্ষেপ করেননি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি অ্যাভরাইড।

আরও পড়ুন : ড্রাইভিং অভিজ্ঞতা বদলাতে গাড়িতে এআই

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিটির পর প্রযুক্তিগত ও পরিচালনাগত পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তাদের দাবি, গাড়ি চালনার মোট দূরত্ব বাড়লেও দুর্ঘটনার হার ধীরে ধীরে কমছে।

অ্যাভরাইড মূলত ফুটপাতভিত্তিক ডেলিভারি রোবট তৈরির জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি আগে নেদারল্যান্ডসভিত্তিক প্রযুক্তি কোম্পানি ইয়ানডেক্স এনভির অংশ ছিল। পরে ২০২৪ সালে রাশিয়ার ব্যবসা বিক্রি করে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করে। একই বছর উবারের সঙ্গে তাদের অংশীদারত্ব হয়।

এর পরের বছর উবার ও অ্যাভরাইডের মূল প্রতিষ্ঠান নেবিয়াস মিলে কোম্পানিটিতে প্রায় ৩৭ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ ও কৌশলগত সহায়তার ঘোষণা দেয়।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে অ্যাভরাইডের রোবোট্যাক্সি সেবা চালু করে উবার। তদন্তে উঠে এসেছে, বেশির ভাগ দুর্ঘটনাই ডালাসে ঘটেছে। এছাড়া কিছু ঘটনা ঘটেছে অস্টিন শহরেও। অন্তত একটি দুর্ঘটনার সময় গাড়িতে যাত্রী ছিলেন।

আরও পড়ুন : ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

এনএইচটিএসএর প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু ক্ষেত্রে রোবোট্যাক্সিগুলো পাশের লেনে থাকা গাড়ির সামনে চলে গেছে। আবার কোথাও ধীরগতির বা থেমে থাকা যানবাহনের জন্য গতি কমায়নি। কিছু ঘটনায় রাস্তার আংশিক বাধা এড়াতেও ব্যর্থ হয়েছে গাড়িগুলো।

একটি ঘটনায় ডালাসে পার্ক করা একটি পিকআপ ট্রাকের খোলা দরজায় ধাক্কা দেয় অ্যাভরাইডের একটি হুন্দাই রোবোট্যাক্সি। এতে ট্রাকে থাকা একজন সামান্য আহত হন। আরেক ঘটনায় একটি রোবোট্যাক্সি পার্ক করা গাড়ি এড়াতে গিয়ে পাশের একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্বয়ংচালিত যানবাহনের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে এই প্রযুক্তির নিরাপত্তা নিয়েও বাড়ছে নজরদারি। এর আগে ওয়েমো–এর রোবোট্যাক্সির বিরুদ্ধেও স্কুলবাসের আশপাশে অনিয়ম এবং এক শিশুকে ধাক্কা দেওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছিল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft