প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৪ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর-এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে "শিক্ষা পিছিয়ে, মাদক এগিয়ে"-এই উদ্বেগজনক পরিস্থিতির উত্তরণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়। মাদকের বিস্তার রোধ এবং শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।
নবাগত ইউএনও চন্দন কর উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং হরিপুর উপজেলাকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
জ/দি