স্কুলে খাবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, ল্যাবে পাঠালেন স্যাম্পল
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৫ পিএম আপডেট: ২৫.০৪.২০২৬ ৫:৩০ পিএম

নরসিংদীর একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে মিড-ডে মিলের খাবারে অস্বাভাবিক গন্ধ পান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করার পাশাপাশি খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর নির্দেশ দেন। শনিবার দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত মিড-ডে মিলের মান পর্যালোচনা করেন এবং শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে বরাদ্দকৃত বনরুটিতে সন্দেহজনক গন্ধ পাওয়া গেলে প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আজকে বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেয়া মিড-ডে মিলে যাতে কোনও ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি।

আরও পড়ুন : নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

তিনি আরও বলেন, শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা তা ঘুরে দেখেছি। ইতিমধ্যে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে যতগুলো অভিযোগ পেয়েছি, তা আমি নিজে পরিদর্শন করতেছি। এটা নিয়ে ক‍্যাবিনেট চিন্তিত, আমরা শক্তভাবে মনিটরিং করছি। প্রয়োজনে পুরো স্ট্রাকচার আমরা পরিবর্তন করে দিবো। আমরা অভিজ্ঞদের সাথে পরামর্শ করে খাবার যেন নষ্ট না হয় সে জন‍্য এর ধরণ পরিবর্তনের চেষ্টা করছি।

শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় প্রমুখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft