প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর বাদল চন্দ্র বর্মন (৪৩) হত্যা মামলার প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা ২০ মিনিটে মাদারীপুর জেলা সদরের কানাগাছিরা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) র্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার সপ্তম চন্দ্র বর্মন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের শ্রী কানাই লাল বর্মনের ছেলে।
র্যাব জানায়, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে গত বছরের ২৪ অক্টোবর সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদল চন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালান। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবং ওই দিন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদল মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শ্রী সাধন বর্মন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সপ্তম চন্দ্র বর্মন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র্যাব-১৩, রংপুর এবং র্যাব-৮, মাদারীপুরের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
জ/দি