বাগাতিপাড়ায় রহস্যজনক বিষক্রিয়া-অন্তঃসত্ত্বা গাভীসহ ৩ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় রহস্যজনক বিষক্রিয়ায় এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। নিহত গরুগুলোর মধ্যে দুটি অন্তঃসত্ত্বা গাভী ও একটি বকনা ছিল। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক পরিবারটি।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরাজি মাড়িয়া নওশেরা এলাকায় কৃষক ভূদেব চন্দ্র মণ্ডল (৬০)-এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত উদয় চন্দ্র মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে লোকজনের উপস্থিতি কম ছিল। ভূদেব চন্দ্র মণ্ডলের স্ত্রী পুষ্পরানী (৫০) ও পুত্রবধূ অনিকা রানী (২২) বাড়িতে ছিলেন। বাড়ির পেছনের দরজা খোলা ছিল এবং তার ছেলে জমি থেকে টমেটো আনা-নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।

দুপুর আনুমানিক ৩টার দিকে হঠাৎ গরুগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং ছটফট করতে থাকে। পরে দ্রুত স্থানীয় পল্লী পশু চিকিৎসককে খবর দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে দুটি অন্তঃসত্ত্বা গাভী ও একটি বকনা গরুর মৃত্যু হয়।

স্থানীয় পল্লী পশু চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির পেছনের দরজা খোলা এবং লোকজন কম থাকার সুযোগে কেউ শত্রুতাবশত গরুগুলোকে বিষপ্রয়োগ করে থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার পর হঠাৎ বৃষ্টি হলে ঘাসে এক ধরনের বিষক্রিয়া তৈরি হতে পারে, যা অনেকটা অ্যাসিড বৃষ্টির মতো প্রভাব ফেলে। সেই ঘাস গরু খেলে নাক-মুখ দিয়ে রক্ত বের হওয়া ও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ঘটনাটিও সে ধরনের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft