প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম আপডেট: ০৩.০৪.২০২৬ ৪:২০ পিএম

সিরাজগঞ্জের মহাসড়কে চাকা ফেটে যাওয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দেওয়ায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাশের মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
উদ্ধারকাজ চলমান রয়েছে বলে জানা গেছে।