এককভাবে নির্বাচন করবে এলডিপি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির কাছে আমরা ১৪ জনের একটা শর্ট লিস্ট দিয়েছিলাম। আমরা বলিনি যে আমাদের ১৪ জনকেই নমিনেশন দিতে হবে। তারা ১২ জন দিতে পারতো, ১০ জন দিতে পারতো। অন্তত, একটা সম্মানজনক ৮-৯টি আসন দিলেও আমাদের দলটা টিকে যেত। কিন্তু, তারা আমাকেসহ মাত্র দুইজনকে নমিনেশন দিতে চাইলো। এর মধ্যে আমার আসনটি আমি ধরতেছি না, কেননা এই আসনে মহান আল্লাহর রহমতে আওয়ামী লীগ, বিএনপিসহ সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে গিয়েছিলাম। সেই অর্থে তারা মাত্র একটি আসন দিতে চাইল। এর অর্থ হলো- তারা হয়তো আমাদের দলটিকে রাখতে চায় না। আমার ধারণা, আমরা যেহেতু একবার তাদের দল ছেড়ে দিয়েছিলাম সেহেতু তারা একটা শাস্তি দিতে চায়।

আরও পড়ুন : শুক্র-শনিবারে তারেক রহমানের কর্মসূচি

তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই আমরা বিএনপিকে শর্ট লিস্ট দেওয়ার পর আজ পর্যন্ত আমাদের সঙ্গে একবারও বসে নাই। দুই একজনকে আলাদাভাবে ডাকলেও দলের সঙ্গে বসেনি। অথচ, আমাদের শর্ট লিস্ট আমি তারেক রহমান, মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমদের কাছেও পাঠিয়েছি। সবশেষ আমাদের নেতারা গিয়ে দুই ঘণ্টা বিএনপি অফিসে বসা ছিল। বিএনপির মহাসচিব আমাদের দলের সঙ্গে একটা বৈঠকও করেননি। আনঅফিশিয়ালি নজরুল ইসলাম এবং রিদোয়ান আহমদ বা কারো কারো সঙ্গে এককভাবে কথা বলেছেন। মহাসচিবের নেতৃত্বে আমাদের দলের সাত জনের কমিটির সঙ্গে বিএনপি একবারও বসে নাই।

তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের দল চলেছে, চান্দাবাজি করে নাই। আমাদের দলের সব টাকা আমাদের নেতারাই যোগান দিয়েছে। আমাদের এরকম কোনো ফান্ডও নাই, যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি। অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল, ছাগল আর গরুর দাম একই। কোনো পার্থক্য নাই। এলডিপিকে দুইটা সিট দেওয়া হয়েছে। দুইটা সিটের মধ্যে আমি বলব, একটা সিটেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন : তারেক রহমানের জন্য এসএসএফ চাওয়া হয়নি; ঝুঁকির চেয়ে নিরাপত্তা প্রস্তুতি বেশি : শামসুল ইসলাম

এলডিপির এই নেতা বলেন, যারা আমার দলের নির্বাচন করতে ইচ্ছুক। তারা সবাই অনতিবিলম্বে আমাদের যুগ্ম মহাসচিব বেলালের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন। আপনাদের যে সমস্ত কাগজপত্র প্রয়োজন নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলে সে কাগজপত্রগুলো প্রস্তুত করবেন। পার্টির পক্ষ থেকে যে সিম্বল দিতে হবে, তার জন্য কাগজ প্রস্তুত আছে এবং এটার সঙ্গে একটা চিঠিও দিতে হবে, সেই চিঠিও প্রস্তুত আছে। যোগাযোগ করলে আমরা সে কাগজগুলো প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেব। এখন আর কোনো বাধা থাকলো না। এলডিপি এককভাবে মাঠে নির্বাচন করবে, ইনশআল্লাহ।

এদিকে, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ আজ বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft