প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গতকালের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ যে ছক আঁকছে, সেটার এটি শুরু বলা যেতে পারে। ফলে এ ধরনের পরিবেশ কীভাবে আমরা একত্রে মোকাবেলা করব। এটার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে।’
শনিবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনে আমরা একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধেও হয়তো বলব। সেটা যাতে একটা সীমাকে কখনোই অতিক্রম না করে, আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ-সুবিধা করে না দেয়। এ ব্যাপারে সকলেই আমরা ঐকমত্য পোষণ করেছি।’
নাহিদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে পরিকল্পিতভাবে ভেরিফাই করা হচ্ছে, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটি স্বাভাবিক প্রক্রিয়া দেখতে পাচ্ছি। ভোটের মাঠে দেখছি জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে।’
জদি/উ