প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম

গত মাসের সোনার বাজারের অস্থিরতা চলতি মাসেও অব্যাহত রয়েছে। আর এটা মাসের প্রথম ও দ্বিতীয় দিনেই দিনই দেখা গেছে। দুইদিনের ব্যবধানে গতকাল স্বর্ণের দাম বেড়েছিল, আজ আবার মূল্যবান এই ধাতুটির দাম কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আজকের দর সংশোধনে ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। ফলে এখন ভালোমানের একভরি স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। তবে আজও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। বুধবার (৩ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৩ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।
তবে এদিন রুপার দাম কমানোর ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকাই রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণ ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১ ডিসেম্বর স্বর্ণ ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম এ দিন অপরিবর্তিত ছিল।