প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

পোস্ট-ডক্টরাল গবেষণা'র (পিএইচডি) ছুটি শেষে নির্ধারিত সময়ে দায়িত্বে না ফেরায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়-যুক্তরাষ্ট্রের ‘ওল্ড ডমিনিঅন ইউনিভার্সিটি’-তে পোস্ট ডক্টরাল গবেষণা ছুটি শেষে দেশে ফিরে অধ্যাপক বিকাশ নির্ধারিত সময়ে দায়িত্ব গ্রহণ না করে, প্রথমে ১০ জুন ২০২৩ থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত অতিরিক্ত এক বছরের শিক্ষাছুটি বৃদ্ধির আবেদন করেন। কিন্তু বিষয়টি ২০২৩ সালের ২ অক্টোবর অনুষ্ঠিত শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম সভায় গৃহীত হয়নি। পরবর্তীতে ১৭ অক্টোবর তাকে এক মাসের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি।
এরপর তিনি আবার ১০ জুন ২০২৪ থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত দ্বিতীয় দফায় শিক্ষাছুটি বৃদ্ধির আবেদন করেন। এ আবেদনটিও শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৯৬তম সভায় প্রত্যাখ্যাত হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ নভেম্বর (২০২৪) চিঠির মাধ্যমে তাকে পুনরায় এক মাসের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি এবং বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ যাচাইয়ে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৩০ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির গুরুতর লঙ্ঘন প্রমাণিত হয়।
এর পরিপ্রেক্ষিতে বিধির ৩(এইচ) ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বিধির ৪(১)(এফ) ধারা অনুযায়ী শাস্তি হিসেবে ১০ জুন ২০২৩ থেকে কার্যকরীভাবে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
জ/উ